বুধবার, ৩ জুন ২০২৬
অপরাধ ১০ মে ২০২৬

সিকদারখীলের চাঁদাবাজ শাহজাহান সিকদার গ্রেফতার

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

চট্টগ্রাম উত্তর বন বিভাগের দায়ের করা একটি মামলায় শাহজাহান সিকদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভূজপুর থানা সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হেয়াকো বিটের কর্মকর্তা ও স্টাফরা অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ২০১৬-২০১৭ সনের বাগানের পূর্ব পাহাড়ি উঁচু এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে অনুমতি ছাড়া আকাশমনি গাছ কাটছিল বলে অভিযোগ ওঠে। বন কর্মকর্তারা গাছ কাটার শব্দ অনুসরণ করে ঘটনাস্থলের দিকে এগোলে অভিযুক্তরা বিষয়টি টের পেয়ে গাছ ফেলে পালিয়ে যায়। তবে শাহজাহান সিকদারকে ঘটনাস্থলে পাওয়া যায় বলে দাবি বন বিভাগের।

বন বিভাগের তথ্যমতে, ঘটনাস্থল থেকে সদ্য কাটা প্রায় ১২৬ ঘনফুট আকাশমনি জ্বালানি কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ১৬ হাজার ৮৭১ টাকা। জব্দ করা মালামাল সরকারি জিম্মায় রাখা হয়েছে।

এ ঘটনায় বন আইন ১৯২৭ (২০০০ সালে সংশোধিত) অনুযায়ী মামলা দায়ের করা হয়। সেই মামলায় গতকাল শাহজাহান সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বন বিভাগ এর বিভিন্ন মামলায় বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়ন থেকে ১২ জনকে গ্রেফতার করেছে ভূজপুর থানা পুলিশ ।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান সিকদারের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি, নারীদের হয়রানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। জানা যায়, ৫ আগস্টের আগে শাহজান সিকদার আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে তার অতীত নিয়ে রয়েছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের ভাষ্যমতে, সে সময় তিনি চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন এবং এসব অভিযোগে দীর্ঘ সময় কারাভোগও করেছেন। কিন্তু ৫ আগস্টের পর তার অবস্থানে পরিবর্তন আসে। তিনি ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরনবীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সক্রিয় হয়ে ওঠেন।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)