বুধবার, ৩ জুন ২০২৬
রাজনীতি ১৮ মে ২০২৬

বাউদ্দারপাড়া বাজারের উন্নয়নে কথায় নয়, কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন জনাব আবু তাহের চৌধুরী

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

বাউদ্দারপাড়া বাজারের উন্নয়ন, আধুনিকায়ন ও ব্যবসায়ীদের কল্যাণে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ৩নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু তাহের চৌধুরী। নবনির্বাচিত ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, “বাজারের যেকোনো উন্নয়নমূলক কাজে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।” তাঁর এমন আশ্বাসে ব্যবসায়ীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে ‘ইদিলপুর বাউদ্দারপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র নবনির্বাচিত কমিটির ২০২৬ খ্রিষ্টাব্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেলে স্থানীয় বাজার প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে ঘিরে বাজারজুড়ে সাজসজ্জা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. আশুতোষ চক্রবর্তী উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ভূজপুর থানার অফিসার ইনচার্জ বাবু বিপুল চন্দ্র দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা জনাব মতিউর রহমান সিকদার টুটুল, এফ.এম.এইচ মেরিটাইম এজেন্সির পরিচালক জনাব জামাল উদ্দীন সিকদার এবং ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তারেক আজিজ। এছাড়াও ভূজপুর পাবলিক হাই স্কুলের সভাপতি জনাব মাওলানা নিজাম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু তাহের চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাউদ্দারপাড়া বাজারের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় বাউদ্দারপাড়া বাজারকে একটি আধুনিক ও আদর্শ ‘মডেল বাজার’ হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বাজারের অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্নতা রক্ষা এবং শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে জনাব আবু তাহের চৌধুরী নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “বাজারের যেকোনো উন্নয়নমূলক উদ্যোগে আমি সব ধরনের সহায়তা প্রদান করব। ব্যবসায়ীদের কল্যাণ ও বাজারের আধুনিকায়নের স্বার্থে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।” তাঁর এই আশ্বাসে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে আশাবাদের সঞ্চার হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের মূল লক্ষ্য হচ্ছে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। তারা বলেন, ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাজার গড়ে তুলতে কমিটি বদ্ধপরিকর। পাশাপাশি অবৈধ দখলমুক্তকরণ, সোলার লাইট স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের মতো উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত ব্যবসায়ী, অতিথি ও স্থানীয় সাধারণ মানুষ একসঙ্গে বাজারকে একটি সুপরিচিত ও ঐতিহ্যবাহী বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অভিষেক অনুষ্ঠান ঘিরে পুরো বাজার এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং নবনির্বাচিত কমিটির সফলতা কামনায় সবাই শুভকামনা জানান।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)