বুধবার, ৩ জুন ২০২৬
সমাজকর্ম ২২ মে ২০২৬

খুঁটি-ক্যাবল সবই আছে, কিন্তু বাগানবাজারের ১৫ গ্রামে এখনো নেই বিদ্যুৎ

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

পতিত আওয়ামী লীগ সরকার দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে বলে দাবি করলেও এখনো বিদ্যুতের আলো পৌঁছায়নি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামে। বিদ্যুতের খুঁটি, ক্যাবল, সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারসহ সবকিছু থাকলেও নেই আলো জ্বালানোর ব্যবস্থা। ঘরে ঘরে বিদ্যুতের সঞ্চালন লাইন টানলেও এখনো দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। এই সব ঘরে কবে বিদ্যুতের আলো জ্বলবে ২০১৯ থেকে সেই অপেক্ষাতেই রয়েছে এলাকাবাসী।

জানা যায়, উপজেলার বাগানবাজার ইউনিয়নের ভারত-বাগানবাজার সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল পানুয়া, পশ্চিম পানুয়া, পূর্ব পানুয়া, উদয় পাথর, নূরপুর, নদোলং, রহমতপুর, তাকিয়াছড়ি, কয়লামুখ, পূর্ব পাতাছড়ি, বাশেরখুল, গরমছড়ি, ত্রিপুরা পাড়া, কালাকুম, হার্বাতলীসহ অন্তত ২০টি এলাকায় বিদ্যুতায়িত করার লক্ষ্যে প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২। বিদ্যুৎ বিভাগের মাস্টাররোল অনুযায়ী প্রায় সাড়ে ৮ কি.মি. এলাকা জুড়ে স্থাপন করা হয় বিদ্যুতের খুঁটি, ক্যাবল, সঞ্চালন লাইন। কিন্তু এলাকাটি বনাঞ্চল হওয়ায় বৈদ্যুতিক সংযোগ দিতে আপত্তি জানায় চট্টগ্রাম উত্তর জেলা বনবিভাগ। এতে আটকে যায় প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন।

পশ্চিম পানুয়া গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ হোসেন বলেন, প্রায় ৯ বছর আগে আমাদের এলাকায় বিদ্যুতের তার, খুঁটি স্থাপন করা হলেও বিদ্যুৎ পাইনি। বহু কষ্টে দিন যাচ্ছে আমাদের। পানুয়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ৮ কি.মি. জুড়ে বিদ্যুতের খুঁটি ও তার স্থাপন করা হলেও এখনো বিদ্যুৎ পাইনি। অথচ এ বিদ্যুতের জন্য প্রায় ৮২০ গ্রাহকের কাছ থেকে প্রতি মিটার ২ হাজার টাকা করে নেয় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন। তারপরও দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পাইনি। পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, এজিএম, ডিজিএমের অফিসে অনেক দৌড়াদৌড়ি করেছি, কাজ হয়নি।

স্থানীয় ইউপি সদস্য নূর হোসেন নুরু বলেন, বাগানবাজারের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৮ হাজারের মতো মানুষ বিদ্যুৎ পায়নি। বিদ্যুতের খুঁটি, ক্যাবল, সঞ্চালন লাইন টানলেও বনবিভাগের আপত্তির কারণে এখানকার মানুষ বিদ্যুৎ পাচ্ছে না।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দাঁতামারা সাব-জোনাল এজিএম বলেন, বনবিভাগের ছাড়পত্র না পাওয়ায় আমরা সেখানে সংযোগ দিতে পারছি না।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)