চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের বাসিন্দা ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রমজান আলীকে গ্রেফতার করেছে দাঁতমারা পুলিশ ফাঁড়ি।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৬ আগস্ট) চট্টগ্রাম যাওয়ার পথে আমতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালত থেকে জারি হওয়া দুটি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) কার্যকর করতেই এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রমজান আলীর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। বর্তমানে তার নামে দুটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি হত্যাচেষ্টা মামলা এবং অপরটি সড়ক অবরোধ করে মারধরের অভিযোগে দায়ের করা মামলা। এই দুই মামলার ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলীর বাড়ি বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ৫ আগস্ট-পরবর্তী সময়েও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন বলে স্থানীয়দের দাবি।
এছাড়া স্থানীয়দের একাংশের অভিযোগ, তিনি বিভিন্ন সময়ে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, রাজনৈতিক সংগঠন পুনর্গঠনের চেষ্টা এবং ফটিকছড়ি উত্তরের যুক্তি স্থানে স্থাপনের আন্দোলনের চলাকালীন সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
দাঁতমারা পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, আদালতের জারি করা দুটি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার অংশ হিসেবেই রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!