বাগান বাজার ইউনিয়নের ধুলিয়াছড়ি রাজারহাট সড়কের বেহাল দশা বিরাজ করছে। এই মৌসুমে চলাচল করলে সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এই সড়কটি।
স্বাধীনতার পর থেকে এ সড়কের উন্নয়নের কোনো কাজ হয়নি। সড়কের বেশির ভাগ অংশই ভাঙাচোরা। কিছু কিছু স্থানে যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। হেয়াকো বাজার থেকে ধুলিয়াছড়ি পর্যন্ত ঠিক থাকলেও ধুলিয়াছড়ি রাজারহাট এই সড়কের প্রায় ৮ কিলোমিটার অংশ কাঁচা মাটির হওয়ায় সামান্য বৃষ্টি হলেই চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া বর্ষাকালে ভাঙা এ সড়কে প্রতিনিয়তই ঘটে ছোটখাটো দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা প্রবাসী জামাল উদ্দিন বলেন, স্বাধীনতার পর অনেক এমপি, চেয়ারম্যান, মেম্বার পরিবর্তন হলেও দীর্ঘদিন যাবৎ আমাদের কপালে এই সড়কের উন্নয়নের দেখা মেলেনি। ডক্টর ইউনুস স্যার ক্ষমতা থাকাকালীন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই ১নং বাগান বাজার ইউনিয়ন ৪ নং ওয়ার্ড রাস্তার জন্য দরখাস্ত গুলো জমা দেওয়া হল কিন্তু কোন প্রতি উত্তর আসে নাই , তাহলে আমরা বাগান বাজারের মানুষ ফটিকছড়ির মানুষের কাছে এত অবহেলিত আমাদের রাস্তাঘাট স্কুল মাদ্রাসা সবকিছুতে আমরা অবহেলিত কেন ?
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ইতিপূর্বে সড়কটির বিষয়ে উপজেলা প্রশাসনের অবহিত করা হয়েছে। এ সড়কে বর্ষাকালে এমনও ঘটনা ঘটে যে, রোগী নিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে পড়ে। তাছাড়া এলাকাটি কৃষির ওপর নির্ভরশীল হওয়ায় এখানকার উৎপাদিত শাকসবজি নিয়ে কৃষকরা স্থানীয় বাজারে যেতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলা এলজিইডি প্রকৌশলী বলেন, রাজারহাট ইউনিয়নের পুরাতন অপরিকল্পিত অবকাঠামোর কারণে এই সড়কের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।