ফটিকছড়ির উত্তর উপজেলার ১নং বাগানবাজার ইউনিয়নে ইসলামপুর গ্রামে (চিকনছড়া ব্রিজসংলগ্ন এলাকায়) বাবার রেখে যাওয়া সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধ মীমাংসার সময় এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ইউয়িন যুবদলের সম্ভাব্য সভাপতি জসিমের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন সংশ্লিষ্ট পরিবারের এক সদস্য।
অভিযোগকারী পরিবারটির দাবি, সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধের জেরে তারা আইনের আশ্রয় নিলে ফটিকছড়ি থানা থেকে ইমতিয়াজ নামের এক পুলিশ কর্মকর্তাকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়। তাঁর সঙ্গে আরও একজন পুলিশ সদস্য ছিলেন।
পরিবারটির ভাষ্য অনুযায়ী, সম্পত্তি বণ্টনের সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের জসিম মেম্বার, আবু মেম্বার, কালা মিয়া এবং ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত জসিম।
অভিযোগে বলা হয়, সম্পত্তি বণ্টনের কার্যক্রম শেষ হওয়ার পর ‘জুলাই যোদ্ধা’ জসিম, মজিবুর রহমানের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে ওই টাকা তাঁর কাছ থেকে নেওয়া হয় বলেও অভিযোগ পরিবারের।
বিষয়টি পরে স্থানীয় দুই জনপ্রতিনিধি—আবু মেম্বার ও জসিম মেম্বারকে জানানো হয়েছে বলে দাবি করেছে পরিবারটি। কিন্তু তাহারা কোনো পদক্ষেপ নেয়নি।
অভিযোগকারী পরিবারের সঙ্গে কথোপকথনে জানা যায়, বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ ছিল। পরিবারের কয়েকজন সম্পত্তি ভাগ করার পক্ষে থাকলেও অন্যরা এর বিরোধিতা করছিলেন। এ বিরোধের মীমাংসার অংশ হিসেবেই স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বৈঠক ও বণ্টনের উদ্যোগ নেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, ‘জুলাই যোদ্ধা’ জসিম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিনের ঘনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন বিরোধের মীমাংসায় হস্তক্ষেপ করেন এবং এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন স্থানীয় কয়েকজন।
তাদের ভাষ্য, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
একজন ভুক্তভোগী বলেন, “আমরা কারও বিরুদ্ধে ব্যক্তিগতভাবে যেতে চাই না। শুধু চাই, কোনো প্রভাবশালী ব্যক্তি যেন সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অন্যায়ভাবে টাকা দাবি বা আদায় করতে না পারে।”
অভিযোগকারী ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ না করার অনুরোধ করেছেন। তাঁর দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখে সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে সম্পত্তি-সংক্রান্ত বিরোধ মীমাংসার নামে কারও কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
তবে ২০ হাজার টাকা দাবির অভিযোগের বিষয়ে বাগানবাজার গ্রাফকে ‘জুলাই যোদ্ধা’ জসিম পরিষ্কার করতে পারেনি । একইভাবে সেখানে দায়িত্ব পালনকারী উপস্থিত মেম্বার ও অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানতে চাইলে তাদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া হয়নি।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!