নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় প্রথম উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন ফটিকছড়ি উপজেলার বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আজাদ রহমান।
বুধবার (১৬ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে ফটিকছড়ি উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজাদ রহমানকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফটিকছড়ি উপজেলার বর্তমান দায়িত্বও পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলার আর্থিক ক্ষমতাও ভোগ করবেন এবং মহাপরিচালকের সদয় অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এর আগে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) পদেও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছিল। এবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে নতুন উপজেলার প্রশাসনিক কাঠামো আরও একধাপ এগিয়ে গেল।
ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম ধাপে ধাপে চালু করতে সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান অব্যাহত রয়েছে।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!