নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে সরকার।
মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন। একই সঙ্গে তিনি ফটিকছড়ি উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বও যথারীতি পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন উপজেলা ঘোষণার পর এটি প্রশাসনিক কার্যক্রম শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব প্রদানের মাধ্যমে ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম হলো।
এর আগে সরকারের ১২১তম নিকার সভায় দেশের ৫০১তম উপজেলা হিসেবে ফটিকছড়ি উত্তর উপজেলা অনুমোদন লাভ করে। বর্তমানে উপজেলার প্রশাসনিক অবকাঠামো, কার্যালয় স্থাপন এবং অন্যান্য কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!