নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে চলমান বিতর্কের মধ্যে এবার ভিন্ন প্রস্তাব দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মেজবা উদ্দিন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি উপজেলার পরিবর্তে ফটিকছড়িকে জেলা ঘোষণার দাবি তোলার আহ্বান জানিয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত ফটিকছড়ির আয়তন মেহেরপুর ও নারায়ণগঞ্জ জেলার চেয়েও বড়। তাই রাউজান ও হাটহাজারীকে যুক্ত করে ফটিকছড়িকে জেলা করার দাবি তোলাই অধিক যৌক্তিক বলে তিনি মত দেন।
একই পোস্টে তিনি স্থানীয় সংসদ সদস্যের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে লেখেন, উত্তরাঞ্চলে উপজেলা সদর নিয়ে যখন জনমত তীব্র, তখন এ বিষয়ে মন্তব্য করে নতুন বিতর্ক সৃষ্টি না করে জেলা প্রতিষ্ঠার দাবিতে ভূমিকা রাখা উচিত।
মেজবা উদ্দিন আরও দাবি করেন, উত্তরের তিনটি ইউনিয়নকে ভেঙে ৮–৯টি নতুন ইউনিয়ন গঠনের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় জেলা প্রশাসকের কাছে ছয় মাসেরও বেশি আগে মতামত ও বিস্তারিত প্রতিবেদন চাইলেও তা এখনো পাঠানো হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসনের ভূমিকা তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপও কামনা করেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, বাস্তবসম্মত উদ্যোগের পরিবর্তে ১৬টি ইউনিয়ন গঠনের মতো নতুন প্রতিশ্রুতি দিয়ে উত্তরাঞ্চলের মানুষকে আশ্বস্ত করা যাবে না।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!