চট্টগ্রামের ফটিকছড়িতে টানা বৃষ্টি ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তথ্য আদান-প্রদান এবং জরুরি সেবা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) থেকে ৭ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা, নদীর পাড় ভাঙন এবং পাহাড়ি ঢলের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।
এছাড়া, দুর্যোগ সংক্রান্ত সঠিক তথ্য দ্রুত আদান-প্রদান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম (ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া) ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে ৭ জুলাই ২০২৬ থেকে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
জরুরি প্রয়োজনে সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর: ০১৮৭৯-৭০০৬০০-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া, অতীব জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস, ফটিকছড়ি-এর হটলাইন ১০২ অথবা ০১৯০১-০২৫৫৭১ নম্বরেও যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সকলকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!