নতুন বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে করিম ডাক্তার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে করিম ডাক্তারের দোকান বিট ভাড়ার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এক পর্যায়ে করিম ডাক্তার দোকান বিটটি বিক্রি করবেন জানতে পেরে মোশারফ সেটি ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন। পরে চুক্তির অংশ হিসেবে ব্যাংকের মাধ্যমে প্রায় সাড়ে ৪ লাখ টাকা বায়না প্রদান করা হয়।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে করিম ডাক্তার ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করার পর সেই চুক্তি অস্বীকার করেন। এ ঘটনায় সিআইডি, পিবিআই ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টতায় একটি মামলা দায়ের করা হয়। স্থানীয়দের দাবি, বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে মোশারফ জামিনে মুক্তি পান।
আজ সকালে মোশারফ নিজ ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গেলে দোকানটি তালাবদ্ধ দেখতে পান। পরে স্থানীয় বাজার কমিটি ও আশপাশের লোকজনকে অবগত করে তালা ভাঙার চেষ্টা করলে করিম ডাক্তার তার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, করিম ডাক্তার পিছন দিক থেকে মোশারফের মাথায় একাধিক আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়। এছাড়াও তার পিঠ ও হাতের একটি আঙুলে গুরুতর আঘাত লাগে।
বর্তমানে মোশারফ স্থানীয় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঘটনায় মোশারফের বাবা বাদী হয়ে করিম ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।