ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হলুদিয়া এলাকায় হৃদয় নামে এক যুবককে দোকানের ভেতর এসএস পাইপ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধরের অভিযোগ উঠেছে। আহত হৃদয় বর্তমানে রামগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলার মাঠে পূর্বের একটি তর্ক-বিতর্ককে কেন্দ্র করে বিরোধের জেরে হলুদিয়া এলাকার সালেকের ছেলে হৃদয়কে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করে মাসুদ নামের এক যুবক এসএস পাইপ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। স্থানীয়রা জানিয়েছেন, মাসুদ হলুদিয়া এলাকার সাবেক ইউপি সদস্য ছায়েদ মেম্বারের ভাই আসাদ আলীর ছেলে।
স্থানীয়দের দাবি, মাসুদের বিরুদ্ধে এর আগেও সাগর নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছিল। তবে ওই অভিযোগের বিষয়ে কোনো মামলা, বিচার বা প্রশাসনিক পদক্ষেপ হয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।স্থানীয়দের আরও অভিযোগ, এসব ঘটনার পর ভুক্তভোগী পরিবারগুলোকে ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে।
এলাকাবাসীর ভাষ্য, ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় ও স্থানীয় প্রভাবের বিষয়টিও আলোচনায় এসেছে। স্থানীয় একজনের দাবি, ছায়েদ মেম্বার অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন; বর্তমানে তিনি আবার নিজেকে বিএনপির সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। একই সঙ্গে আসাদ আলী ও তাঁর ছেলে রাজনৈতিক প্রভাব ব্যবহার করেন বলেও ওই ব্যক্তি অভিযোগ করেন।
স্থানীয় ওয়ার্ড সদস্য জসিম মেম্বারের নিকট মাসুদের বিরুদ্ধে বাদী হলে, তিনি তাকে বেয়াদব বলে আখ্যা দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনিহা প্রকাশ করেন।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!