ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের গজারিয়া জেবুন্নেসা পাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইউসুফ আলম মাসুদ।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটিকে আগামী ছয় (০৬) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট ইউসুফ আলম মাসুদ। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন এ. কে. এম. আলমগীর, অভিভাবক প্রতিনিধি হিসেবে খোরশেদ আলম, আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত সভাপতি এডভোকেট ইউসুফ আলম মাসুদ দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,
“এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। আমার লক্ষ্য হবে একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশের সুযোগ পাবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, এডহক কমিটি নিয়মিত ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারলেও প্রচলিত বিধি অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কমিটির মেয়াদ ছয় মাস অথবা নিয়মিত পরিচালনা কমিটি গঠিত হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!