বাগানবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হলুদিয়া এলাকায় জমিজমা ও সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ছোট ভাই কেয়ামত আলী বর্তমানে সৌদি আরব প্রবাসী। প্রায় এক বছর আগে তিনি তার অংশের জমির সীমানা নির্ধারণ করে একটি টিনের বেড়া নির্মাণ করেন।
অভিযোগ রয়েছে, গত শুক্রবার জুমার নামাজের পর মেজো ভাই রহমত আলীর দুই ছেলে ইয়াসিন ও ইসরাফিল ওই বেড়া ভেঙে ফেলেন। এ সময় কেয়ামত আলীর স্ত্রী ও কন্যা বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বিষয়টি বড় ভাই সাহেব আলীকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চান। অভিযোগ অনুযায়ী, এ সময় রহমত আলী ও তার দুই ছেলে সাহেব আলীর ওপর হামলা চালান। বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে সাহেব আলীর দুই ছেলে সালাম ও জামালের ওপরও হামলা করা হয়।
হামলায় সাহেব আলী, তার দুই ছেলে সালাম ও জামাল, কেয়ামত আলীর স্ত্রী এবং কন্যাসহ মোট পাঁচজন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, কেয়ামত আলীর পরিবার এই ঘটনায় ভুক্তভোগী পক্ষ হিসেবে অভিযোগ তুলেছে। অন্যদিকে রহমত আলী ও তার দুই ছেলে ইয়াসিন এবং ইসরাফিলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি স্থানীয় মুরুব্বীদের অবগত করা হয়। এ নিয়ে একটি সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত পক্ষ সালিশে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান করা না হলে পারিবারিক বিরোধ আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। একই সঙ্গে তারা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।