১নং বাগানবাজার ইউনিয়নের পুরান রামগড় কাজী বাড়িতে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। সেদিন সকালে কাজী শাহজাহানের পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বেড়াতে গেলে সেই সুযোগে দুর্বৃত্তরা কৌশলে তাদের রাতের খাবারের সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
রাতে পরিবারের সদস্যরা ওই খাবার খাওয়ার পর অল্প সময়ের মধ্যেই সবাই গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা প্রায় ৩০ হাজার টাকা নগদ এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
পরদিন সকালে দীর্ঘ সময় পরিবারের সদস্যদের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে ঘরে প্রবেশ করে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে খাবারে চেতনানাশক মিশিয়ে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে ভুজপুর থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!