শুক্রবার, ১২ জুন ২০২৬
মাদক ১০ জুন ২০২৬

জসিম মেম্বারের চালানকৃত ৬ কেজি গাঁজাসহ আটক তার একনিষ্ঠ কর্মী ও আত্মীয় মাহবুব

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় সিএনজি চালককে গ্রেফতার করা হলেও তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রামগড় পৌরসভার আরোগ্যপাড়া ৯নং ওয়ার্ডে ফিরোজা বেগমের বাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রামগড় থানার এএসআই (নিঃ) আব্দুল কাদের সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন কিলো-৫ ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চট্টগ্রামের ভূজপুর থানার বাংলাবাজার এলাকা থেকে একটি সিএনজি যোগে অবৈধ মাদকদ্রব্য রামগড়ের দিকে আনা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন সিএনজি আটক করা হয়।

তল্লাশির সময় সিএনজিতে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেলেও চালক মাহবুব হক (৩২) কে ধাওয়া করে আটক করে পুলিশ। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে সিএনজির ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাহবুব হক বাগানবাজার ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি একজন সিএনজি চালক হিসেবে পরিচিত। প্রকাশ কালা করিগরের পুত্র।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর সংশ্লিষ্ট ধারায় রামগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) শামীম হোসাইনের ওপর অর্পণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রের দাবি, গ্রেফতারকৃত মাহবুব হক স্থানীয় ইউপি সদস্য জসিম মেম্বারের একনিষ্ঠ কর্মী ও চাচাত ভাই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তার ব্যবহৃত সিএনজিটি দীর্ঘদিন ধরে জসিম মেম্বারের মাদক পরিবহনের কাজে ব্যবহার হয়ে আসছে। একই সঙ্গে জব্দকৃত মাদকদ্রব্যও জসিম মেম্বারের বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

তবে এ বিষয়ে জসিম মেম্বারের বক্তব্য পাওয়া যায়নি।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)